নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির হোসেন।।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন,বর্তমান সংবিধান ‘৭২-এর সংবিধান যা ফ্যাসিবাদ তৈরি করে। বিএনপি ৭২-এর সংবিধান বহাল রাখতে চায়। এর মাধ্যমে তারা সরকারি চাকরিতে দলীয় লোক বসিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার সুযোগ পাবে।’
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, ‘আমরা চাই সংস্কারের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের সঙ্গে সংযুক্ত করা হোক। জুলাই সনদ সংবিধানে যুক্ত হলে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার ফিরে আসার পথ বন্ধ হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একই সময়ে দুটি নির্বাচন হয়েছে। একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। অথচ দুটির ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। বিএনপি একটিকে মানে, অন্যটিকে মানে না। একই মায়ের গর্ভে দুটি যমজ সন্তান হলে একটি অবৈধ আর অন্যটি কীভাবে বৈধ হয়?’
গণভোট প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো গণভোট হয়েছে। এর আগে যত গণভোট হয়েছে, কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার গণভোটের রায়ের সঙ্গে এমন আচরণ করেছে, এমন দৃষ্টান্ত নেই। কিন্তু ইতিহাসের সব রেকর্ড ভেঙে বর্তমান তারেক জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকার গণভোটের সঙ্গে গাদ্দারি ও বঞ্চনার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধন করার জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য। রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে মেরামত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে।’
মামুনুল হক বলেন, ‘সংবিধান সংস্কারের মাধ্যমে আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টি সংযুক্ত করতে চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল মহানগরের আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খান। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।