প্রতিবেদক: মোঃ মনির হোসেন
বরিশাল নগরীর লঞ্চঘাট সংলগ্ন সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ভিলেজ পার্ক এলাকার ফুটপাতের দোকানিরা। মঙ্গলবার তারা কর্মস্থল পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করলে ঢাকা-মুখী যাত্রীসহ সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় ভিলেজ পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে সেখানে ব্যবসা পরিচালনাকারী ক্ষুদ্র দোকানিরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে তারা পরিবার-পরিজনের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। কিন্তু উচ্ছেদের পর গত দুই মাস ধরে তারা আয়ের কোনো উৎস খুঁজে পাচ্ছেন না।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে এবং দুই মাসের মধ্যে পুনরায় দোকান বসিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বারবার আশ্বাস পেলেও তারা এখনো ব্যবসা পরিচালনার সুযোগ পাননি বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই বিকল্প কর্মস্থলের ব্যবস্থা অথবা পূর্বের মতো ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে লঞ্চঘাট এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ঢাকা-মুখী যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয় যে, তাদের মধ্য থেকে কয়েকজন প্রতিনিধি সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।