প্রতিবেদন : আসাদুজ্জামান কবির
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ডিস ব্যবসা কেন্দ্রিক বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে একদল হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে ফাহাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাতেই পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্বজনদের দাবি, স্থানীয় যুবলীগ কর্মী আরিফ, জাতীয় পার্টির কর্মী ও চরাদী ইউনিয়ন পরিষদের সদস্য রানা, রিয়াজ এবং চাদমারী এলাকার বাপ্পিসহ কয়েকজন এ হামলায় অংশ নেয়। তারা পরিকল্পিতভাবে ফাহাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বরিশাল শহর থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।