নিজস্ব প্রতিবেদক
বরিশাল: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে বরিশালের ৪১ জন নির্বাচিত সাংবাদিকের অংশগ্রহণে "দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা" বিষয়ক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নগরীর ব্যান্ড রোডের হোটেল গ্র্যান্ড পার্কে সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার আধুনিক কৌশল, তথ্য অধিকার আইনের ব্যবহার এবং ডেটা সাংবাদিকতার কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সনদ বিতরণকালে ড. ইফতেখারুজ্জামান বলেন, "দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির যুগে ডেটা বিশ্লেষণ করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্বকে আরও শক্তিশালী করে তুলবে।"
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এই কর্মশালার মাধ্যমে অনুসন্ধানী তথ্য সংগ্রহ ও ডেটাভিত্তিক সংবাদ প্রস্তুতকরণের কৌশল সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী পর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।