বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ডাকাত আসামি মোঃ ফারুক মোল্লাকে (৬৫) গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ একটি দল।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় (এসসি-৭৭/৯২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) ফারুক মোল্লার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
পরে গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-৮ (বরিশাল) ও র্যাব-১০ (কেরানীগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফারুক মোল্লা বাকেরগঞ্জের উত্তর কাটাদিয়া (বাকলা) গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি।