পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন দীনিয়া মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত, হৃদয়স্পর্শী নাতে রাসুল ﷺ এবং জ্ঞানগর্ভ বক্তৃতার মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরেন। এ সময় পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুশ শাকুর। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকমণ্ডলীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শের প্রতি ভালোবাসা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্বীনি চেতনা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।