
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
মোঃ মনির হোসেন, বরিশাল প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় একটি থামানো ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ এবং মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৭টার মধ্যে পৃথক দুটি স্থানে দুর্বৃত্তরা এই নাশকতার চেষ্টা চালায়। তবে এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৭টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী মডেল থানা পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
অন্যদিকে, এর কিছুক্ষণ আগে বুধবার সন্ধ্যার পরপরই একই উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আগামীকাল ১৯ নভেম্বর ঘোষিত কথিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করতে এবং জনমনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতা-কর্মীরা এই অপকর্ম চালিয়েছে।
এ বিষয়ে গৌরনদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতা এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো নাশকতা রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।