
নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির হোসেন
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া থানাধীন পাসপোর্ট গলি এলাকায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাভলী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাভলী বেগম (স্বামী রাশেদ শেখ) পাসপোর্ট গলি এলাকায় একটি সবজির দোকানে বসে ইয়াবা বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁর পরনের থ্রি-পিসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লাভলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে বর্তমানে কাউনিয়া থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।