
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরিসংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী বর্ণিল আয়োজনে কলেজটিতে নবীনবরণ অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান শেষের দিকে কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের সঙ্গে পার্শ্ববর্তী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কয়েকজন ছাত্রদল কর্মীর কোনো একটি বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই উত্তেজনা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানসহ নবীনবরণ উদ্যাপন কমিটির শিক্ষকরা। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালানোর সময় হুড়োহুড়ি বা হাতাহাতির মাঝে পড়ে অধ্যক্ষ আঘাত পান। এতে তাঁর মুখের ওপরের অংশ কেটে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি সামাল দিতে গেলে অধ্যক্ষের মুখে আঘাত লাগে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।