
নিজস্ব প্রতিবেদক,
বরিশালের মুলাদী উপজেলায় মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি দোকানে এই হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শুক্কুর আলী ব্যাপারী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে।অভিযুক্তরা হলেন— রহমত ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩৬), মুজাম্মেল ফরাজী (৩২), মন্টু ফরাজী, রফিক ফরাজী ও তাসলিমা নাসরিন। এদের মধ্যে প্রধান অভিযুক্ত বারেক ফরাজী গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।গত মঙ্গলবার (১৩ অক্টোবর) মুলাদীর ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় মাদকের আড্ডা, জুয়া খেলা এবং নয়াভাঙনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরালো ঘোষণা দেন বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারী। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার কথাও জানিয়েছিলেন তিনি।
এই ঘোষণার জেরে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যায় ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকার সালাউদ্দীনের দোকানে চা খাওয়ার সময় শুক্কুর আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহতের বাবা আব্দুস ছত্তার ব্যাপারীর অভিযোগ, রহমত ফরাজী ও বারেক ফরাজীসহ কয়েকজন মিলে তাকে নৃশংসভাবে মারধর করেন।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শুক্কুর আলীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি; নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।