
বিশেষ প্রতিনিধি,
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে সৃষ্টি হয়েছে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মহোদয়ের দিকনির্দেশনায় এবং মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নিখুঁত ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ মানবিক অনুদান।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, গিয়াস উদ্দিন দীপেন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও সরাসরি উপস্থিতিতে প্রতিটি মন্দিরে মন্দিরভিত্তিক এই মানবিক অনুদান সুষ্ঠুভাবে পৌঁছানো হয়েছে। তার এই কর্মতৎপরতা ও চমৎকার প্রশাসনিক দক্ষতায় হিজলা ও মেহেন্দিগঞ্জের প্রতিটি পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মধ্যে বইছে উৎসবের বাড়তি আনন্দ ও উদ্দীপনা।
উপজেলা বিএনপির দূরদর্শী ও সর্বজনগ্রাহ্য নেতা গিয়াস উদ্দিন দীপেনের এই সময়োপযোগী ও উদার পদক্ষেপ স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, কেবল দলের সাংগঠনিক কাজই নয়, বরং যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবে সমাজের সব স্তরের মানুষকে এক সুতোয় গেঁথে রাখার ক্ষেত্রে দীপেন সাহেবের নেতৃত্বের বিকল্প নেই।
এই মানবিক কর্মকাণ্ডের জন্য পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মহোদয় এবং বিশেষ করে সকল কার্যক্রম সুন্দরভাবে সমন্বয় ও সম্পাদন করায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “গিয়াস উদ্দিন দীপেন সাহেবের এই উদার মনোভাব ও সহমর্মিতা আমাদের অন্তরে এক গভীর বিশ্বাস ও আনন্দের সঞ্চার করেছে। এটি শুধুমাত্র একটি অনুদান নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশে পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।”
মেহেন্দিগঞ্জের সুশীল সমাজ মনে করছেন, গিয়াস উদ্দিন দীপেনের মতো দায়িত্বশীল ও উদার রাজনৈতিক নেতৃত্বের কারণেই আজ এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সকল সম্প্রদায়ের সহাবস্থান ও নিরাপত্তা সুদৃঢ় হয়েছে।