
বিশেষ প্রতিনিধি, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ ও অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর গ্রামে সরাসরি অনলাইনে তথ্য সাবমিটের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা ঘটে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নে কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব, বিশিষ্ট সমাজসেবক ও এলাকার কৃতী সন্তান ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেনসহ কর্মসূচি বাস্তবায়নকারী মাঠপর্যায়ের কর্মীবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, কর্মসূচির আওতায় নির্ধারিত ও আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পদ্ধতির মাধ্যমে প্রতি পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তা সাথে সাথেই সার্ভারে জমা (অনলাইন সাবমিট) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে দ্রুত সনাক্ত ও স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।