বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুর ইসলাম সজীব (২৬) নামের এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল হোতা ও প্রধান আসামি মোঃ মিলন খান (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব। গত ১৩ জুন ডিএমপির ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি চৌকস দল। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ মার্চ সকালে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে মিলন ও তার সহযোগীরা লোহার শাবল, রড, লাঠিসোটা ও ধারালো দা নিয়ে ভিকটিম আবুল হোসেন খান ও তার পুত্র সজীবের ওপর অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে বাবা-ছেলে দুজনেই রক্তাক্ত ও গুরুতর জখম হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সজীবকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৩১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সজীব। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত মিলন অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-৮-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, গ্রেফতারকৃত মিলন খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।