
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন ২০২৬, মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ “অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬”-এ মোঃ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে এই মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হবে। তিনি ২০২৪ সালের কামিল মাস্টার্স ফিকহ বিভাগে অংশ নিয়ে শতভাগ সফলতার সাথে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ (CGPA 4.00 Out of 4.00) অর্জন করেন। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে সাগরদি কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে চরম আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
এই অসামান্য অর্জনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতি ছাত্র মোঃ নজরুল ইসলাম মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “এই গৌরব আমার নিজস্ব যোগ্যতায় নয়; বরং এটি মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও দয়া। আমার আজকের এই সাফল্যের পেছনে রয়েছে পিতা-মাতার অক্লান্ত ত্যাগ ও দোয়া, বড় ভাই ও ছোট বোনের সার্বিক উৎসাহ এবং পরম শ্রদ্ধেয় ওস্তাদদের আন্তরিক মেহনত। বিশেষ করে আমার সফলতার সূচনালগ্নে যার অবদান না বললেই নয়, তিনি হলেন সাগরদি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুল হাসান ইদ্রিস (নাজমুল হাসান কুয়াকাটা) স্যার। উনার দিকনির্দেশনা ও মেহনত আমার এই পথচলাকে মসৃণ করেছে।”
তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে তাকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন, সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। ভবিষ্যতে তিনি দ্বীনের সঠিক খেদমত এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান এবং এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।