
নিজস্ব প্রতিবেদক
বরিশাল, ২৯ জুলাই: বরিশালের সদর থানাধীন লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় একটি বার্জ ও একটি এক্সক্যাভেটরসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগে একটি বার্জ, একটি এক্সক্যাভেটর জব্দ এবং ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়।
পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এছাড়া আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে বার্জ ও এক্সক্যাভেটরসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, মাটিখেকোদের অবৈধ কর্মকাণ্ড থেকে নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।