
নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির আকন
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর বরিশাল বিমান বন্দর থানা কমিটির উদ্যোগে দিনব্যাপী ‘মাশকুল কুরআন প্রশিক্ষণ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ জুন ২০২৬, রোজ বৃহস্পতিবার সকাল ৮:০০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫:০০ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলে।
বরিশালের কাশিপুরের নবজাগরণ স্কুলমোড় সংলগ্ন ‘মাযাহেরে উলুম আঃ জলিল কওমী মাদ্রাসা’ প্রাঙ্গণে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাযাহেরে উলুম আঃ জলিল কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী ডা. এ. এম. ফরিদউজ্জামান। দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওঃ ক্বারী আব্দুল কাদের সাহেব (দামাত বারাকাতুহুম)।
প্রশিক্ষণ প্রদানকালে হাফেজ মাওঃ ক্বারী আব্দুল কাদের সাহেব বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবেন এবং তাদের মধ্যে দ্রুত হিফজ সম্পন্ন করার অনুপ্রেরণা জাগ্রত হবে। মূলত এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমেই ছাত্রদের তিলাওয়াতের সূক্ষ্ম ভুল-ত্রুটিগুলো ধরা পড়ে এবং তা সংশোধন করা সম্ভব হয়।”
অনুষ্ঠানে আগত বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, তারা নিজেরা প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তাদের নিজ নিজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়েও এখানে উপস্থিত হয়েছেন। এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের কল্যাণমুখী প্রশিক্ষণ যেন সর্বদা সফলভাবে অব্যাহত থাকে।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা জানায়, এই আয়োজনের মাধ্যমে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে। বিশেষ করে তাজবীদ শুদ্ধকরণসহ তিলাওয়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা চমৎকার সব কৌশল শিখতে পারছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের আয়োজকরা হাফেজদের মূল্যায়নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তারা বলেন, “হাফেজদের সরকারিভাবে স্বীকৃতি ও সনদ দেওয়া এখন সময়ের দাবি। কারণ, যথাযথ সরকারি সনদ না থাকায় অনেক সময় হাফেজরা সমাজে সঠিক মূল্যায়ন পান না। বিশেষ করে আন্তর্জাতিক মানের হাফেজদের যোগ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে সরকারিভাবে একটি করে সনদ দেওয়া অত্যন্ত জরুরি।”
বিমান বন্দর থানা কমিটির নিখুঁত ব্যবস্থাপনায় এই আয়োজনে এলাকার বহু শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। বিকেল ৫টায় সমাপনী ও বিশেষ দোয়ার মাধ্যমে দিনব্যাপী এই ফলপ্রসূ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।