
ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর ও ক্লুলেস সুখি বেগম (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ হাসান হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার (১৫ নভেম্বর) বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মোঃ মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মোঃ মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ সালের রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করলে সুখি বেগম দুর্বৃত্তকে চিনে ফেলেন। এতে তাকে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝালকাঠির নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অভিযুক্ত হাসান হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।