
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সভায় আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রি ও সাধারণ সম্পাদক দীনেশ হালদারসহ উপজেলার ১৭০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
মতবিনিময়কালে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোর প্রস্তুতি, পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মণ্ডপ প্রতিনিধিরা তাদের প্রস্তুতি এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ধর্মীয় উৎসবটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় করা হয়।
আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।