
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।
র্যাব-৮ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে এক যাত্রী মাদক নিয়ে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাবের টহল দল। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে মনির হোসেনের সাথে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।