
নিজস্ব প্রতিবেদক
দেশে-বিদেশে বহুবার বিমানে ভ্রমণ করেছেন। তবে এবারকার যাত্রাটি তাদের কাছে ছিল একেবারেই অন্যরকম। কারণ, বিমানের পাইলট ছিলেন তাদেরই ছোট ছেলে রাদিত হোসেন। বোয়িং ৭৩৭-এর পাইলট রাদিতের পরিচালিত বিমানে প্রথমবারের মতো যাত্রী হলেন তার বাবা-মা।
বাবা-মায়ের জন্য ঘটনাটি হয়ে উঠেছে জীবনের অন্যতম আনন্দ ও গর্বের মুহূর্ত। ছেলের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাদিতের বাবা লিখেছেন, দেশে-বিদেশে বহুবার প্লেনে ভ্রমণ করলেও আজকের দিনটি তার ও তার স্ত্রীর কাছে বিশেষ ও স্মরণীয়। কারণ, এ যাত্রার পাইলট তাদের ছোট ছেলে রাদিত হোসেন।
তিনি লেখেন, ‘জীবনে এই প্রথম আমরা তারই পাইলট হিসেবে পরিচালিত বিমানের যাত্রী।’ সন্তানের এমন অর্জন একজন বাবা-মায়ের কাছে কতটা গর্ব ও আনন্দের, সেটিও তুলে ধরেন তিনি।
ছেলের পেশাগত জীবনের প্রতিটি যাত্রা নিরাপদ ও সুন্দর হওয়ার জন্য দোয়া করেছেন রাদিতের বাবা-মা। তারা রাদিতসহ পরিবারের সবার জন্য আল্লাহর কাছে সহায়তা ও মঙ্গল কামনা করেছেন।