
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জনগণের ওপর যারা অহেতুক ক্ষমতা প্রদর্শন করবে, তারা বর্তমান সরকার ও দলের শত্রু বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় উপজেলা কৃষকদল আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “মাটির ওপর দাঁড়িয়ে একমাত্র ক্ষমতার মালিক দেশের জনগণ। আমাদের দেশের অসীম ক্ষমতার মালিক শেখ হাসিনাকেও শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। এমনকি ভারতের মতো বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে তরুণদের অপমান করেছিলেন, শেষ পর্যন্ত সেই তরুণদের দাবির মুখেই তাকে নতি স্বীকার করতে হয়েছে। অতএব, সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা তেলাপোকা-ছাড়পোকা মনে করার মতো ঔদ্ধত্য যেসব রাজনৈতিক নেতাকর্মী দেখাবে, তারা মূলত জনগণের ও দলের শত্রু।”
দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ধানের শীষ ও শহীদ জিয়া পরিবারের হাতে যখন শাসনক্ষমতা আসে, তখন ক্ষমতার কোনো অপব্যবহার শীর্ষ পর্যায় থেকে হয় না। কিন্তু তৃণমূল পর্যায়ে কেউ যদি ভুলব্রান্তি করে, তার দায়ভার দলের ওপর পড়ে। সুবিধাবাদী ও দায়িত্বহীন নেতাকর্মীদের বিষয়ে আমাদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। দলের ভেতরে কেউ যেন কোনো অপকর্মের সুযোগ না পায়। ভালো ব্যবহারের পাশাপাশি সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে অপরাধীদের আইনের আওতায় আনা যায়। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”
উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন সারির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী একাধিক কর্মসূচি:
একই দিনে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং তরুণ সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করতে গৌরনদীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।
পরবর্তী সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপি-২০২৬ এর অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, গাছের চারা এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন